WB HS Result 2025 Merit List:এ বছরই শেষ বার হল বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ।

কলকাতা : প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একইসঙ্গে বুধবার সকালে প্রকাশিত হল মেধাতালিকাও। জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কারের পাশাপাশি মেধাতালিকায় আছেন কলকাতার চার জন পড়ুয়া। পাঠভবন স্কুলের তথাগত রায় যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছেন। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছেন। তাঁরা পেয়েছেন ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত যুগ্মভাবে নবম স্থানে রয়েছে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।
প্রসঙ্গত এ বছরই শেষ বার হল বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। এ বছর পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। সংসদ থেকে জানানো হয়েছে, বুধবার মধ্যরাত থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।